মার্চ ৪, ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার কলকাতার ইডেন গার্ডেন্স-এ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এবং সরাসরি দেখানো হবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।
এইডেন মারক্রামের নেতৃত্বে চলতি আসরে সবচেয়ে ধারাবাহিক দল দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচে তারা একমাত্র দল হিসেবে জয় পেয়েছে। আগের আসরের গুরুত্বপূর্ণ মুহূর্তে হোঁচট খাওয়ার প্রবণতাও এবার কাটিয়ে ওঠার ইঙ্গিত দেখা দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার শক্তি তাদের ভারসাম্যে। মারক্রাম ২৬৮ রান করেছেন, আর কুইন্টন ডি কক ও ডেভিড মিলারের মতো ব্যাটাররা দলকে শক্তিশালী করেছেন। বোলিংয়ে লুঙ্গি এনগিদির ১২ উইকেট এবং বাঁহাতি স্পিনার কেশব মহারাজের নিয়ন্ত্রণ কার্যকর ভূমিকা রাখছে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে তারা ১৭ বল হাতে রেখে ১৭৬ রানের লক্ষ্য পূরণ করে জয় পেয়েছিল, যেখানে মারক্রাম অপরাজিত ৮৬ রান করেন।
তবে নকআউট মানেই চাপ অন্যরকম। ২০২৪ সালের ফাইনালে ভারতের বিপক্ষে শেষ চার ওভারে ধসে পড়ার স্মৃতি এখনও দলকে তাড়া করে। আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকা কখনও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি—২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ও সেমিফাইনাল এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল হেরেছে তারা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ দেখায় জয় রয়েছে।
অন্যদিকে মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ২০২১ সালে রানার্সআপ হওয়া ব্ল্যাক ক্যাপসরা নকআউটের চাপ সামলাতে অভ্যস্ত। এখন দেখার অপেক্ষা কারা চাপ সামলে শিরোপার মঞ্চে পৌঁছাবে।