বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ১২:৪৫ পিএম

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ছবি: সংগৃহীত

এক সময় বিতর্কের কেন্দ্রে থাকা আইপিএল সম্প্রচার নিয়ে এবার ইতিবাচক অবস্থান জানালো সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই এবং কেউ আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেলাতে চায় না সরকার। বরং বিষয়টিকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই দেখা হচ্ছে। কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচারের অনুমতি চাইলে সরকার তা নিয়ে নমনীয় অবস্থান নেবে।

এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে আইপিএল সম্প্রচার বন্ধ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

তবে নতুন সরকারের অবস্থান ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই জানিয়েছিলেন, আইপিএল সম্প্রচার ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে কেবল অপারেটরদের পক্ষ থেকেও জানানো হয়েছে, বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় আইপিএল সম্প্রচারে বাধা নেই। ফলে Indian Premier League বাংলাদেশে সম্প্রচারের পথ এখন অনেকটাই উন্মুক্ত।

উল্লেখ্য, আজ থেকেই শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।

Link copied!