ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী ভোটার, ভোটকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থার আওতায় ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করে প্রবাসী ভোটাররা তাদের ব্যালট দেশে ফেরত পাঠাতে শুরু করেছেন।
নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট সংক্রান্ত তথ্য অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত ভোট শেষে মোট ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
ইসির দেওয়া তথ্যে জানা যায়, বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫টি ব্যালট ভোটারদের হাতে পৌঁছেছে। ভোটারদের মাধ্যমে ৪ লাখ ৬৪ হাজার ২২৫টি ব্যালটে ভোটদান সম্পন্ন হয়েছে।
ভোটদান শেষে ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন ভোটার ডাকযোগে তাদের ব্যালট ফেরত পাঠিয়েছেন। এর মধ্যে সোমবার পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট দেশে এসে পৌঁছেছে। এছাড়া বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে ১ হাজার ৮৫৯টি ব্যালট পেপার।
এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ ওয়েবসাইটের তথ্যে জানা গেছে, ভোটারদের কাছে সরবরাহ করা সম্ভব না হওয়ায় ১২ হাজার ১৭০টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।
উল্লেখ্য, চলতি নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।