চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ‘অসামাজিক কার্যক্রম’-এর অভিযোগ আনা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার ‘স্বপ্নীল আবাসিক হোটেল’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হোটেলটির চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), আ. গফুর (৩৮), বাবুল মিয়া (৩৫) এবং আরও পাঁচ তরুণী।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’