বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের মানতে হবে ১১ নির্দেশনা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৮:২১ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের মানতে হবে ১১ নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস পরিচ্ছন্ন রাখতে ১১ দফা নির্দেশনাও জারি করা হয়েছে।

রোববার জারি করা এ নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জাতীয় আহ্বানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কক্ষে উপস্থিত থাকতে হবে এবং এ সময় যেন কোনো দাফতরিক কর্মসূচি বিঘ্ন না ঘটায় সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে হবে। প্রয়োজন অনুযায়ী লাইট, ফ্যান, এসি ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ করা এবং অফিস সময় শেষে সব যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা না করা, জ্বালানি সাশ্রয় করা এবং অফিসের কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়িসহ সব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা বাস্তবায়ন ও তদারকির জন্য সব দফতর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

Link copied!