জুন ১৩, ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজযাত্রীর একটি হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর শাহপুর গ্রামের এক নারী হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তার একটি লাগেজ হারিয়ে যায়। দেশে ফিরে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট হজ কাফেলা পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়ভার ব্যক্তিগতভাবে হজযাত্রীর ওপর বর্তায়।
এ নিয়ে কয়েকদিন আগে হজযাত্রীর স্বজনদের সঙ্গে কাফেলা সংশ্লিষ্টদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। সেই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকার আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনিন সুলতানা জানান, পূর্বের বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।