মার্চ ১৫, ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি: সংগৃহীত
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগের ঘটনায় পাঁচ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেসথেসিয়ার ইনজেকশন পুশ করায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে অপেশাদারিত্ব ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তবে স্বজন হারানোর শোকে পরিবারগুলোর কান্না থামছে না।
জানা গেছে, গলায় থাইরয়েড সমস্যায় ৪৮ বছর বয়সী হেলেনা বেগম এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। রোববার সকাল ১০টার দিকে তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৭টার দিকে নাক-কান-গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা হালদার অ্যান্টিবায়োটিক মনে করে তার হাতে শিরায় অ্যানেসথেসিয়া ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই হেলেনা বেগমের মৃত্যু হয়।
একই নার্স একই ধরনের ভুল করেন একই ওয়ার্ডের বিপরীত পাশে থাকা ৭ নম্বর বেডের আরেক রোগীর ক্ষেত্রেও। গালে টিউমার সমস্যায় পটুয়াখালীর বাসিন্দা শেফালী বেগমকে অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেসথেসিয়ার ইনজেকশন দেওয়া হয়। ডান হাতের শিরায় ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনিও মারা যান। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে একই ওয়ার্ডে দুই রোগীর মৃত্যুতে স্বজন ও উপস্থিত অন্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মৃত হেলেনা বেগমের এক স্বজন কান্নায় ভেঙে পড়ে বলেন, `অপারেশনের প্রস্তুতির কথা বলে নার্স এসে ইনজেকশন দিলেন। আমরা ভেবেছিলাম নিয়মিত অ্যান্টিবায়োটিক। কিন্তু দেয়ার সাথে সাথেই রোগী ছটফট করতে করতে শেষ হয়ে গেল।`
শেফালী বেগমের স্বজনদের অভিযোগও একই ধরনের। তাদের দাবি, নার্সের চরম গাফিলতি ও অদক্ষতার কারণেই সুস্থ মানুষগুলো লাশ হয়ে ফিরছেন। একই ওয়ার্ডে পাঁচ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর ঘটনায় সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।
ঘটনার বিষয়ে সিনিয়র নার্স মলিনা হালদার বলেন, `সারারাত ডিউটি করে সকালে কেন এমন ভুল করলাম তা নিজেও জানি না।`
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, `এটা শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় আইনগত কঠিন ব্যবস্থা নিচ্ছেন তারা।`
তিনি আরও জানান, ঘটনার তদন্তে নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।