ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:৪৩ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস | ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত এ রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একই সঙ্গে তাঁর নামাজে জানাজার দিন আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। তিনি নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালন শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, শোকের এই সময়ে দেশবাসী আবেগাপ্লুত থাকলেও সবাই ধৈর্য ধারণ করবেন বলে তিনি আশা করেন। তিনি বেগম খালেদা জিয়ার জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
ভাষণের শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর জন্য ধৈর্য, শক্তি এবং ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা কামনা করেন।