মার্চ ২২, ২০২৬, ০২:০০ পিএম
ছবি : সংগৃহীত
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার ভোরের দিকে রামপুর এলাকায় সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেতুর সংস্কার কাজ চলায় ওই অংশে যানবাহন ধীরগতিতে চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স স্পিড ব্রেকার পার হওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়।
প্রাথমিক সংঘর্ষের পর অ্যাম্বুলেন্স ও বাসচালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এতে সড়কে যানজট তৈরি হয় এবং মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন আটকে পড়ে। কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা আরেকটি বাস ওই জটের মধ্যে ঢুকে পড়ে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এই ঘটনায় ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।