নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ৩৩৩-এ বিশেষ নাগরিক তথ্যসেবা চালু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ৩৩৩-এ বিশেষ নাগরিক তথ্যসেবা চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে নাগরিকদের জন্য বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন এর সহযোগিতায় এটুআইয়ের উদ্যোগে ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে।

নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন থেকে দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি ৩৩৩ নম্বরে কল করে ৯ চাপলে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

এই তথ্যসেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, নিজ নিজ ভোটকেন্দ্রের অবস্থান এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য জানতে পারবেন। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়ম এবং প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য নির্ধারিত বিশেষ সুবিধা সম্পর্কেও তথ্য দেওয়া হবে।

এ ছাড়া নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম ও পোস্টাল ভোটিং অ্যাপ ব্যবহারের নির্দেশনা, জরুরি বার্তা এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বরও এই সেবার মাধ্যমে জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা নিয়েছেন। হেল্পলাইনটি কেবল তথ্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য গ্রহণ, সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্ত এবং তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সহায়ক ভূমিকা রাখবে।

তবে এই সেবা সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না। এটি মূলত একটি ‘ইনফরমেশন ইনটেক, আর্লি ওয়ার্নিং অ্যান্ড ফরওয়ার্ডিং সিস্টেম’ হিসেবে পরিচালিত হবে। প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Link copied!