ছবি: সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চারজন নিহত হয়েছেন।
আজ (রবিবার) সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার পিকআপ চালক ইব্রাহীম (৩৫), কিশোরগঞ্জের সজিব (১২) ও আছমা (৪০)। এছাড়া একজন পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকাগামী ঘরের আসবাবপত্রবোঝাই দ্রুতগতির একটি পিকআপ ভ্যান অন্য একটি যানবাহনের সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় পিকআপটি উদ্ধার করে। পরে এর ভেতর থেকে নারী ও শিশুসহ চারটি মরদেহ উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্য একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।