আন্দোলনের চতুর্থ দিন, ২৪ ঘণ্টার কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:৪৭ পিএম

আন্দোলনের চতুর্থ দিন, ২৪ ঘণ্টার কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

ছবি: সংগৃহীত

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি চতুর্থ দিনে গড়িয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে টানা ২৪ ঘণ্টার পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি থেকে টানা তিন দিন আংশিক কর্মবিরতি পালনের পর আন্দোলন আরও কঠোর করার সিদ্ধান্ত নেন শ্রমিক-কর্মচারীরা। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ডাকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিক-কর্মচারীদের এ কর্মবিরতি বুধবার সকাল ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।

বার্থ অপারেটরদের বরাতে জানা গেছে, সকাল ৮টার কিছুক্ষণ পরই বন্দরের সবচেয়ে পুরোনো জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ও কন্টেইনার ওঠানামা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা জানান, সকালে কিছু সময় চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ও এনসিটি টার্মিনালের জেটিগুলোতে পণ্য ওঠানামার কাজ চলছিল। তবে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে সেসব কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. হুমায়ুন কবির বলেন, বন্দরের ভেতরে কোনো ধরনের কাজ হচ্ছে না। সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা দাবির প্রতি একাত্মতা জানিয়ে কাজে অংশ নিচ্ছেন না। তিনি বলেন, এদিন কোনো জাহাজ বন্দরে প্রবেশ করছে না বা বন্দর ত্যাগ করছে না। ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

এদিকে, সকাল থেকে চট্টগ্রাম বন্দর ও দেশের ১৯টি বেসরকারি মালিকানাধীন ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) এর মধ্যে আমদানি, রপ্তানি ও খালি কন্টেইনার পরিবহন বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কন্টেইনার চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত কম্পিউটারাইজড টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) পরিচালনার দায়িত্বে থাকা বন্দর কর্মচারীরা কাজ বন্ধ রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিচালনা করছে।

Link copied!