চাঁদপুরে জালভোট দেওয়ায় ৫ জনের কারাদণ্ড, একজনের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৩৩ এএম

চাঁদপুরে জালভোট দেওয়ায় ৫ জনের কারাদণ্ড, একজনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় সংসদীয় ভোট চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এক অপ্রাপ্তবয়স্কের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পিতা–পুত্র রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে পৃথক স্থানে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব শাস্তি দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁদপুর-১ (কচুয়া) আসনের তেগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ব্যালট পেপার চাইতে গিয়ে মো. ছফিউল্লাহর ছেলে মো. হেলালকে আটক করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই ঘটনায় কেন্দ্রের আরেকজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কচুয়া থানায় সোপর্দ করে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের শাহরাস্তিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পিতা–পুত্রসহ তিনজনকে সাজা দেয়। দুপুরে চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বড়তুলা গ্রামের মো. সাইফুল ইসলাম (৫৯) ও তার ছেলে মো. সাফায়েত হোসেন (২৭) জাল ভোট দিতে গিয়ে আটক হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু সাফায়েতকে এক মাস এবং তার বাবা সাইফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

একই সময়ে চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের চেষ্টাকালে আবু সৈয়দের ছেলে মো. সজিবকে এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অপরদিকে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মো. নাহিদ (২৫) নামে এক যুবককে জাল ভোট দিতে এসে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটের স্বচ্ছতা রক্ষায় জাল ভোটের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

 

Link copied!