ছবি: সংগৃহীত
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
তাৎক্ষণিকভাবে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন গণমাধ্যমকে জানান, সকালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
তিনি আরও বলেন, নিহতরা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।