কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৫৯ পিএম

কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এসময় আরও ৩টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় পৌর শহরের বেড়িবাঁধে, বাইরে সীকুইন হোটেল সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুহূর্তেই আগুনের লেলিহান শিকায় ২টি খাবার হোটেল, ২টি কাপড়ের দোকান, ১টি মুদি মনোহরী দোকান, ১টি ঝিনুকের দোকান, ১টি জেনারেটরের দোকান এবং ১টি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল হোসেন বলেন, সকাল ৮টার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Link copied!