ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি আবাসিক ভবনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে হালিমা মঞ্জিল নামের ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভবনটি হালিশহর এসি মসজিদের পাশে অবস্থিত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন— আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), শাওন (১৭), মো. শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আশিক জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আটজনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের প্রতিবেশী মো. মকবুল জানান, ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধদের হাসপাতালে নেওয়া হয়। সেহরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য। কুমিল্লার বুড়িচং থেকে এক ভাইয়ের বাসায় বেড়াতে এসে অপর ভাইয়ের পরিবারের সদস্যরা এ দুর্ঘটনার শিকার হন।