আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:৩০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।


মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন। একই প্রজ্ঞাপনে আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এ পদে দায়িত্ব নেন।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলাম প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এসব মামলার বিচার বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে এবং আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় আছে।


নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দীর্ঘদিন আইন পেশায় যুক্ত। তিনি অধস্তন আদালতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পরিচালনার জন্য গঠিত আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। পাশাপাশি বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত অধিকাংশ আসামিপক্ষের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
নতুন নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

Link copied!