ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:৩৬ পিএম
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) রোববার (২২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল কাইয়ুম চৌধুরীকে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শওকত হোসেন সরকারকে।
এলজিডির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫(ক) এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তি সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা অধ্যাদেশের ধারা ২৫(ক) এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং প্রচলিত বিধি অনুসারে বেতন-ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।