নেপালে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে, নিহত অন্তত ১৮ জন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৩৬ পিএম

নেপালে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে, নিহত অন্তত ১৮ জন

মহাসড়ক থেকে ছিটকে পড়া বাস। ছবি: সংগৃহীত

নেপালের পাহাড়ি মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি দেশটির বাগমতি প্রদেশের ধাদিং জেলায় ঘটেছে।
স্থানীয় সময় রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ধাদিং জেলার পৃথ্বী মহাসড়কের চিনাধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওই স্থানে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে ত্রিশুলী নদীতে গিয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বাসটি পর্যটন শহর পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪৪ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এছাড়া দুইজন বিদেশি নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে কয়েকজনকে ধাদিংয়ের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অধিকাংশ আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধাদিং জেলা ট্রাফিক পুলিশের প্রধান শিশির থাপা জানান, শুরুতে নিহতের সংখ্যা ১৭ জন বলা হলেও উদ্ধারকাজ চলাকালে আরও একজনের মৃত্যু নিশ্চিত হওয়ায় মোট নিহতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে।
নেপালি সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, স্থানীয় পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেন। তবে গভীর রাতে দুর্ঘটনা ঘটায় এবং নদীতে বাস পড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Link copied!