নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভা নিয়ে দেশের রাজনৈতিক আলোচনার মাঝে অনেকটা চুপিসারেই ঢাকায় পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
জানা গেছে, আসন্ন রমজানে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আজ (বুধবার) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন। ঢাবির মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধন করবেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বার্তা সংস্থা সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তুর্কি সরকারের আওতাধীন `টীকা` নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সহায়তা করছে। ওজিল মূলত এই প্রজেক্টের উদ্বোধনের জন্য ঢাবিতে এসেছেন। ডাকসু সম্পাদক মিনহাজ উদ্দীনের বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যে এই প্রজেক্ট ঢাবি মেডিকেল সেন্টারকে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা প্রদান করেছে।