পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ইসরায়েল’, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৪:২৪ পিএম

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ইসরায়েল’, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দবন্ধ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এখন থেকে পাসপোর্টে আবারও একসেপ্ট ইসরাইল (Except Israel) শব্দ নিযুক্ত করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেয়া এ শব্দবন্ধ পুনর্বহালের পথে হাঁটছে বর্তমান বিএনপি সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বহাল করার কথা বলা হয়। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর হয়নি। বর্তমানে সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকরের উদ্যোগ নিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা চালু হয়। এ সময় পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ বাদ দেয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ছাড়া। এরপর থেকে ই-পাসপোর্টে ইসরাইল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করতে দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্র জানায়,  নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ইসরাইল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য আলাদা করে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।

Link copied!