সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আফনান মারা গেছে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:৫৭ এএম

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আফনান মারা গেছে

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে হুজাইফা সুলতানা আফনানের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।

এর আগে গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশুটি। তখন তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সেখানে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে।

বিশেষ করে মংডু টাউনশিপ ও আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনীর বিমান হামলা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলতে থাকায় সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এই উত্তেজনাকর পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদগুলোতে, যেখানে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে হতাহতের ঘটনা ঘটছে।

Link copied!