মার্চ ১, ২০২৬, ০১:২২ পিএম
ইরান-ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বাতিল হওয়া দুটি ফ্লাইটের নতুন সময়সূচি জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ (রোববার) দুপুরে সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বার্তায় জানান, গত শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইট (বিজি-৩৩৭) আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।
এছাড়া, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইট (বিজি-৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে বলেও জানানো হয়েছে।
এর আগে নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এতে বিপাকে পড়েন শত শত যাত্রী।
ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটকে পড়া প্রায় সাড়ে ৮০০ যাত্রীর রাত্রিযাপনের ব্যবস্থা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।
এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটগামী তাদের নির্ধারিত ফ্লাইটসমূহ সময়মতো ছেড়ে যাবে। যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।