ফরিদপুরে ভোটকেন্দ্রে টাকা বিতরণের অভিযোগ, বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৫৪ পিএম

ফরিদপুরে ভোটকেন্দ্রে টাকা বিতরণের অভিযোগ, বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে জরিমানা

ছবি: সংগৃহীত

ফরিদপুরে ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে অর্থদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-৩ আসনের একটি কেন্দ্রে ঘটনাটি ঘটে। আদালতের আদেশে ওই পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

ঘটনাটি ঘটে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদরাসা ভোটকেন্দ্রে। অভিযুক্ত তানজির ইসলাম দেওরা এলাকার বাসিন্দা এবং বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ‘ধানের শীষ’ প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিচারিক আদালত সূত্রে জানা যায়, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তানজির ইসলামকে আটক করা হয়। প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, জামায়াতের এক পোলিং এজেন্ট অভিযোগ করেন যে অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মধ্যে টাকা দিচ্ছিলেন। অভিযোগ পাওয়ার পর প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, তদন্তে টাকা দিয়ে ভোটারদের প্ররোচিত করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। দোষ স্বীকার করায় নির্বাচনী আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩–এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন নির্বাচনী আইন-২০২৫–এর ১৩(চ) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় এবং নির্বাচনী আইন ১৯৭২–এর ৯১(বি)(২) ধারা মোতাবেক এই দণ্ডাদেশ দেন।

ভোটের দিনে কেন্দ্রের ভেতরে অনিয়মের এমন ঘটনায় নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে সতর্কতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Link copied!