ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস–এর স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, একটি বাস বোর্ড বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। বাসটি যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ায় রাস্তার সঙ্গে ঘর্ষণ লাগে। এতে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বাসটিতে যাত্রী কম থাকায় তারা দ্রুত নেমে যেতে সক্ষম হন। এ সময় সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।