কুষ্টিয়া-২ আসনের ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৪৪ পিএম

কুষ্টিয়া-২ আসনের ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ক্যামেরা দুটি মঙ্গলবার সকালে অনুপস্থিত পাওয়া যায়।

বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে ঢুকে ক্যামেরা খুলে নিয়ে যায়। সকালে স্কুল খোলার পর কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, সকালে স্কুল কর্তৃপক্ষ তাকে বিষয়টি জানায়। তিনি বলেন, ভোটের আগে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সকালে একই স্থানে নতুন করে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় জিডি করেছেন। চুরি হওয়া ক্যামেরা এখনো উদ্ধার করা যায়নি এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন। মিরপুর উপজেলায় রয়েছে ১১৪টি ভোটকেন্দ্র। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের আগে এমন ঘটনায় স্থানীয় প্রশাসন কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে।

Link copied!