ছবি : সংগৃহীত
আসন্ন বাজেটে কালো টাকা বৈধ করার সম্ভাব্য উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে এবং সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করে দেবে।
এক বিবৃতিতে টিআইবি সরকারের প্রতি কালো টাকা বৈধ করার পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেছে, কোনো প্রশ্ন ছাড়াই অবৈধ অর্থ বৈধ করা বা বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার ক্ষেত্রে নিঃশর্ত সুবিধা দেওয়ার উদ্যোগ অত্যন্ত হতাশাজনক।
সংস্থাটির মতে, আবাসন খাতের স্থবিরতা কাটানো কিংবা শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর যুক্তিতে এ ধরনের সুযোগ সৃষ্টি করা হলে তা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। বরং এতে দুর্নীতি ও অনিয়মকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঝুঁকি তৈরি হবে।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও বিভিন্ন সময়ে স্বল্পমেয়াদি রাজস্ব সুবিধার যুক্তিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এসব উদ্যোগ কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারেনি। বরং কর ফাঁকির প্রবণতা বেড়েছে এবং নিয়মিত কর পরিশোধকারী সৎ করদাতারা নিরুৎসাহিত হয়েছেন।
টিআইবি মনে করে, দুর্নীতি দমন, কর ব্যবস্থার জবাবদিহিতা বৃদ্ধি এবং অবৈধ সম্পদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণই অর্থনীতির জন্য টেকসই সমাধান হতে পারে। তাই কালো টাকা বৈধ করার সুযোগ স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।