আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৯ এএম

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (মঙ্গলবার) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পনটি অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) থেকেও একই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটি মৃদু মাত্রার হওয়া এবং এর উৎপত্তিস্থল গভীরে থাকায় কোথাও বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হচ্ছে। এ ধরনের ধারাবাহিক কম্পন নিয়ে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Link copied!