ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:৫১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ দ্রুত ও সহজে পুলিশকে জানানো যাবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কিংবা নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনো বিষয়ে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলে সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হটলাইন নম্বরগুলো হলো— ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ এবং ০১৩২০০৩৭৩৬০।
একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।