হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর, ৭ জনের নামে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৫:৩৯ পিএম

হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর, ৭ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তার ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। বিষপান করা এক রোগীকে কেন্দ্র করে চিকিৎসা দিতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতের দিকে কয়েকজন যুবক বিষপান করা এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় তারা হাসপাতালের বাইরে চিকিৎসকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালাগাল করতে থাকে। পরে হঠাৎ করে একদল যুবক জরুরি বিভাগে প্রবেশ করে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুপম মজুমদারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে হামলাকারীরা হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে ভুক্তভোগী অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘রোববার রাতে অনুপম ডিউটিতে ছিলেন। কয়েকজন যুবক বিষ খাওয়া গুরুতর এক রোগীকে নিয়ে এসে ওয়াশ করতে বলেন। এ সময় অনুপম রোগী কী ধরনের বিষ খেয়েছে এমন প্রশ্ন করলে যুবকরা তার ওপর চড়াও হয় এবং তাকে গালমন্দ করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই সাথে থাকা যুবকরা তাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে এবং জরুরি বিভাগের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে। এ ব্যাপারে সাতজনকে আসামি করে অনুপম থানায় মামলা দায়ের করেছেন।’

মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ‘আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।’

Link copied!