ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে গ্রামের বাড়ির পথে ছুটছেন নগরবাসী।
ঈদের ছুটির কারণে সরকারি অফিস-আদালতের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকছে। ফলে গতকাল সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। দিনভর কাজ শেষ করে সন্ধ্যা থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে বাড়ি ফেরার চাপ কমাতে সাধারণ ছুটির দাবি ওঠার পর মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে গত ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ওই দিনকে সাধারণ ছুটি ঘোষণা করে। এতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি নিশ্চিত হয়।
এদিকে ঈদের ছুটিতে রাজধানীর বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, যারা ছুটিতে বাড়ি যাবেন এবং বাসায় মূল্যবান সামগ্রী রেখে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা চাইলে স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিকটস্থ থানায় নিরাপদে জমা রাখতে পারবেন।
তিনি আরও জানান, ঈদকে ঘিরে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং বিভিন্ন রেলওয়ে স্টেশনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন।