ঈদের ছুটি বেড়ে ৭ দিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ১২:৪৯ পিএম

ঈদের ছুটি বেড়ে ৭ দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

এর ফলে এবার ঈদ উপলক্ষে কার্যত মোট সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতর ধরা হয়েছে এবং সেদিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ— ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন মিলিয়ে চার দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এতে ঈদ উপলক্ষে মোট পাঁচ দিনের ছুটি হয়।

এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।

এর সঙ্গে নতুন করে ১৮ মার্চ ছুটি অনুমোদন দেওয়ায় সবমিলিয়ে ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Link copied!