ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০১:৫৬ পিএম

ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরার যাত্রীদের জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন শুক্রবার (১৩ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনযাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়।

সকালে বিক্রি করা হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী টিকিট বিক্রির তারিখগুলো হলো—

  • ২৩ মার্চের টিকিট: ১৩ মার্চ
  • ২৪ মার্চের টিকিট: ১৪ মার্চ
  • ২৫ মার্চের টিকিট: ১৫ মার্চ
  • ২৬ মার্চের টিকিট: ১৬ মার্চ
  • ২৭ মার্চের টিকিট: ১৭ মার্চ
  • ২৮ মার্চের টিকিট: ১৮ মার্চ
  • ২৯ মার্চের টিকিট: ১৯ মার্চ

এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে এবং এসব টিকিট রিফান্ড করা হবে না।

Link copied!