ছবি: পিএমও
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। আজ (বুধবার) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।
সভায় ৩টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ১টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অনুমোদন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একনেক সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)’ শীর্ষক নতুন প্রকল্পটি বিশেষ গুরুত্ব পায়।
এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় ‘চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা)’ প্রকল্পের পঞ্চম সংশোধনী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন’ এবং ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও অনুমোদন পেয়েছে।
এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ‘জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীতকরণ বা পুনর্নির্মাণ (১ম পর্যায়)’ প্রকল্প অনুমোদিত হয়েছে।
একই সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের তৃতীয় সংশোধনী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ বা পুনর্নির্মাণ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে ‘৪ x এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় পরিকল্পনা মন্ত্রীর পূর্ব অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এগুলো হলো—ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
সচিবালয়ের ১ নম্বর ভবনের ১০ম তলায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।