খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০৩:১৬ পিএম

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে শিখা জানান, আলী আজম পূর্বে একটি ব্যাংকে কর্মরত ছিলেন। সকালে তিনি খিলগাঁওয়ের নন্দীপাড়া বাজারে কেনাকাটা করতে যান। রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানায়। আলী আজম মৃত নওয়াব আলীর ছেলে এবং বর্তমানে খিলগাঁওয়ের নন্দীপাড়া ৫ নম্বর রোডে বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Link copied!