ঢাকার ধামরাই উপজেলার চৌহাটি ইউনিয়নের দ্বিমুখা গ্রামে পুকুরে পড়ে সাবেক ইউপি সদস্য মো. হায়াত আলী (৮০) মারা গেছেন। তিনি ওই এলাকার একজন পরিচিত মুখ ও সাবেক জনপ্রতিনিধি ছিলেন। আজ শনিবার সকাল ১১টায় স্থানীয়ভাবে তাঁর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলেন হাজী মোহাম্মদ হায়াত আলী। পথিমধ্যে দ্বিমুখা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তিনি নিখোঁজ হন। বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। রাতে বাড়ির কাছের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, হায়াত আলী বার্ধক্যজনিত কারণে চোখে কম দেখতেন এবং কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বাড়ি ফেরার পথে অন্ধকার ও দৃষ্টি স্বল্পতার কারণে অসাবধানতাবশত পুকুরে পড়ে মৃত্যু ঘটে।
প্রবীণ এই ব্যক্তিত্বের প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।