মার্চ ২০, ২০২৬, ০৩:৪৯ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করছেন।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শিশু দুটির শিক্ষাব্যয় বহন করবে মন্ত্রণালয়।
শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় নিহতের পরিবারকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
মন্ত্রী বলেন, নিহতের পরিবারের পাশে সরকার থাকবে। দুই সন্তানের শিক্ষার ব্যয় ছাড়াও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। দাফন কার্য সম্পন্নের জন্য তাৎক্ষণিকভাবে পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদের পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আরও ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও প্রবাসীদের নিরাপত্তা ও সহায়তায় সরকার সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
এ সময় উপস্থিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহতের পরিবারের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট মিশনগুলো সার্বক্ষণিক কাজ করছে। প্রয়োজনে দেশে ফিরতে আগ্রহীদের ফেরানোর প্রস্তুতিও রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের আলখারাজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন মোশাররফ হোসেন। শুক্রবার ভোরে তার মরদেহ দেশে পৌঁছায়। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা মরদেহ গ্রহণ করেন।