মার্চ ২৮, ২০২৬, ০১:৪৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া।
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান পোশাক নিয়ে বাহিনীর ভেতরে অসন্তোষ থাকায় ঐতিহ্যবাহী কোনো ইউনিফর্মে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পেরেছেন যে বর্তমান পোশাক নিয়ে সন্তুষ্টি নেই। তাই বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, সরকার পুলিশকে কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়, বরং জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে চায়। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, মানবিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, একটি স্বাধীন ও শক্তিশালী সংস্কার কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। এই কমিশনের লক্ষ্য হবে বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধাকে প্রাধান্য দেওয়া।
অনুষ্ঠানে মোট ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ নেন। প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য কয়েকজন কর্মকর্তা পুরস্কৃত হন, যার মধ্যে সেরা প্রবেশনার ও একাডেমিক পারফরম্যান্সে সম্মাননা অর্জন করেন মো. ফাহিম ফয়সাল।