ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০১:১৭ পিএম

ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

ছবি: সংগৃহীত

আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ শুরু হবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। নির্বাচনে জয়লাভের পর সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি শুরু করার উদ্যোগ নিয়েছে।

ঈদের আগে হতদরিদ্রদের হাতে কার্ড পৌঁছে দিতে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন।

কমিটির মধ্যে রয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থসচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব ও সমাজকল্যাণ সচিব।

পাইলট প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে ২ হাজার টাকা প্রদানের পরিকল্পনা রয়েছে। ৫০ লাখ সুবিধাভোগীর জন্য বছরে সরকারকে খরচ করতে হবে ১২ হাজার কোটি টাকার বেশি। সমাজকল্যাণমন্ত্রী জানিয়েছেন, হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা অগ্রাধিকারের ভিত্তিতে কার্ড পাবেন।

ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া এখনো পুরোপুরি শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতির জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও একটি সচল মোবাইল নম্বর প্রস্তুত রাখতে হবে।

পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া ঘরে বসে দ্রুত আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। প্রতি পরিবারে একটিমাত্র কার্ড ইস্যু হবে, যার মাধ্যমে মাসিক নগদ টাকা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

Link copied!