মার্চ ৭, ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলোর বিষয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে কয়েকটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হলেও সে বিষয়ে তাদের দলের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় বা আলোচনা করা হয়নি। তিনি এ বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।
শফিকুর রহমান আরও বলেন, সংসদ না থাকায় জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যেভাবে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে, আন্তর্জাতিক চুক্তির মতো বিষয়েও একই ধরনের আলোচনা হওয়া উচিত ছিল। এ বিষয়ে তাদের পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হলেও তৎকালীন সরকার তা গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।
এর আগে গত বুধবার ড. খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে করা সমালোচনার জবাব দেন। তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে আকস্মিকভাবে চুক্তিটি স্বাক্ষর করা হয়নি; বরং দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে আগেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং তারা এতে সম্মতি জানিয়েছিল।