চিঠি বিতর্কে বিভ্রান্তি দূর করতে জামায়াতের ব্যাখ্যা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২৬, ০৮:২০ পিএম

চিঠি বিতর্কে বিভ্রান্তি দূর করতে জামায়াতের ব্যাখ্যা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিকে ঘিরে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে দলটি। এ নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বক্তব্য দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১০ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, আলোচিত ঘটনাটি সাম্প্রতিক নয়; প্রায় দুই সপ্তাহ আগে এ ঘটনা ঘটেছিল। সে সময় প্রফেসর ড. মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলের পক্ষ থেকে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে কিছু অবস্থান স্পষ্ট করার উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানোর দায়িত্বও তার ওপরই দেওয়া হয়েছিল।

তবে মিয়া গোলাম পরওয়ারের দাবি, আমিরের নির্দেশনার বাইরে গিয়ে ওই চিঠিতে অতিরিক্ত কিছু বিষয় যুক্ত করা হয়েছিল। বিশেষ করে মন্ত্রীর পদমর্যাদা সম্পর্কিত একটি অংশ আমিরের নির্দেশনায় ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বিষয়টি দলের নজরে আসার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ প্রফেসর ড. মাহমুদুল হাসানকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)কে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো ঘটনায় বিভ্রান্তি তৈরি হলে তা দ্রুত সংশোধনের নীতি অনুসরণ করেই দল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ঘটনায় ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে এ নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। পাশাপাশি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি সঠিক তথ্যের ভিত্তিতে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

 

Link copied!