মার্চ ১৯, ২০২৬, ০১:৪৫ পিএম
লঞ্চ দুর্ঘটনার পর বুধবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: সংগৃহীত
ঈদযাত্রার ব্যস্ত সময়ের মধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘটে যাওয়া লঞ্চ দুর্ঘটনার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। দুর্ঘটনায় জড়িত দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও ঘটনার বিবরণ শোনেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দুর্ঘটনায় সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ঘটনাটি তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ’র কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামকে। মন্ত্রণালয়ের কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, তারা একই পরিবারের সদস্য এবং বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।