ছবি: সংগৃহীত
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
আজ (সোমবার) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডিএসসির প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ৩০ হাজার বর্গমিটার জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন ৩৫ হাজার মানুষ। ভিআইপি পুরুষ ২৫০ জন, নারী ৮০ জন, জনসাধারণ পুরুষ ৩১ হাজার ও ৩ হাজার ৫০০ নারী নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান রয়েছে।
তিনি আরও বলেন, নামাজের জন্য ভিআইপি পুরুষ কাতার ৫টি, নারীদের জন্য ১টি নির্ধারিত। এ ছাড়া, জনসাধারণের জন্য ৬৫টি বড় কাতার ও নারীদের জন্য ৫০টি ছোট কাতার হবে। এতে মোট কাতার ১২১টি হবে।
ঈদগাহে প্রবেশের জন্য একটি ভিআইপি গেট, পুরুষদের জন্য দুটি এবং নারীদের জন্য একটি প্রবেশপথ রাখা হয়েছে। মোট ৪টি প্রবেশ গেট থাকবে। নামাজ শেষে বের হওয়ার জন্য ভিআইপিদের জন্য ১টি, পুরুষদের জন্য ৫টি এবং নারীদের জন্য ১টি গেট নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭টি বহির্গমন গেট থাকবে।
আবদুস সালাম জানান, আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত স্থানে কোরবানি করার নির্দেশ দেয়া হয়েছে। কোরবানি শেষে বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখার নির্দেশ দেয়া হয়েছে। ৮ ঘণ্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে অপসারণ করা হবে।
তিনি আরও জানান, মাতুয়াইল থেকে রাত ৯টা থেকে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এ কাজে ১৩ হাজার ৪৫৩ জন কর্মী এবং ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।