নৌ-পুলিশ প্রধানসহ পাঁচ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০১:৫২ পিএম

নৌ-পুলিশ প্রধানসহ পাঁচ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

অবসরে পাঠানো অন্য চারজন অতিরিক্ত আইজিপি হলেন—পুলিশ সদর দপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরে টিআর পদে দায়িত্ব পালন করা মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহীর সারদায় প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে থাকা মো. তওফিক মাহমুব চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও পুনর্বিন্যাসের মাধ্যমে পুলিশের উচ্চপর্যায়ের কাঠামোয় কিছু পরিবর্তন আনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Link copied!