ভোটের দিন ঢাকায় মেট্রোরেল চলবে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:২৪ পিএম

ভোটের দিন ঢাকায় মেট্রোরেল চলবে

ভোটের দিন ঢাকায় মেট্রোরেল চালু থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির দিনগুলোতেও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে।


ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোটারদের ভোট প্রয়োগ সহজ করতে মেট্রোরেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। বাকি সব গেট খোলা থাকবে।


তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল এবং সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।


এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Link copied!