ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:০৯ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটের দিন ও তার আগে পরে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ভোটের আগের মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত—অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে জরুরি ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন এবং সংবাদপত্র বহনকারী যান চলাচলের অনুমতি থাকবে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, বৈধ কাগজপত্র দেখাতে পারলে বিমানবন্দরগামী যাত্রী ও দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন চলাচল করতে পারবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য সীমিত সংখ্যক যানবাহন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে, তবে সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন বাধ্যতামূলক।
সাংবাদিক, পর্যবেক্ষক এবং বিশেষ জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারবে। এ ছাড়া টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
নির্দেশনায় জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থানীয় বাস্তবতা বিবেচনায় প্রয়োজনে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ইসি বলছে, ভোটের দিন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।