ঈদুল ফিতরের ছুটির সময় দেশের কাস্টমস হাউসগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুধু ঈদের দিন শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।
গতকাল সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তনি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তনি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও একই নির্দেশনা পাঠানো হয়েছে।


