ছবি: সংগৃহীত
আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সরকার শেষ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।
তিনি আরও জানান, অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহারে সংযম রাখার আহ্বান জানানো হয়েছে এবং দোকান মালিক ও ব্যবসায়ীদের এ নির্দেশনা মেনে চলতে হবে।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি চেয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি সরকারের কাছে আবেদন করে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পূর্বে দোকানপাট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে ব্যবসায়ীদের অনুরোধে তা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঈদকে কেন্দ্র করে বিক্রি-বাট্টা বাড়ানোর সুযোগ হিসেবে দোকান খোলা রাখার সময় বাড়ানো জরুরি। একই সঙ্গে বিভিন্ন জেলায় চলমান বাণিজ্য মেলা নিয়েও উদ্বেগ জানানো হয়, যেখানে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ রয়েছে।
ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন। তারা ঈদের পর সাত দিন মার্কেট বন্ধ রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন।