ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোস্তাকুর রহমান, যিনি প্রতিষ্ঠানটির ১৪তম গভর্নর। আজ (বৃহস্পতিবার) সকাল পৌনে ১০টার কিছু আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে সরকার পূর্ববর্তী গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ ৩৩ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। দেশের আর্থিক ও শিল্প খাতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। কর্পোরেট ফাইন্যান্স, রপ্তানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় তার রয়েছে নেতৃত্বদানের অভিজ্ঞতা।
তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া আইসিএমএবি’র ফেলো হিসেবে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।