মেট্রোরেল স্টেশন এলাকা এবং ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জারি করা বিশেষ সতর্কীকরণে বলা হয়েছে, মেট্রোরেলের স্টেশন, প্ল্যাটফরম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ এবং চলন্ত ট্রেনে অনুমতি ছাড়া ভিডিও, লাইভ স্ট্রিমিং বা বাণিজ্যিক/ব্যক্তিগত ফটোগ্রাফি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীসাধলীনির্বিঘ্ন রাখা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমতি ব্যতীত এ ধরনের কর্মকাণ্ড করলে আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফির জন্য অবশ্য ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করে নির্ধারিত ফি দিয়ে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।
সাম্প্রতিক সময়ে টিকটক, রিলস বা অন্যান্য ভিডিও তৈরির প্রবণতার কারণে যাত্রীদের অসুবিধা বৃদ্ধি পাওয়ায় এই নিয়ম কার্যকর করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন এবং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় থাকবে।